কীর্তনখোলা রিপোর্ট

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু ১২ তারিখ পর্যন্ত নয়, ১৩ তারিখ থেকে টানা পাঁচ বছর জনগণের পা ধরে থাকতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে—সব ক্ষমতার মূল উৎস জনগণ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৩ তারিখ থেকে জনগণের পা ধরে থাকতে হবে। কারণ যার পেছনে জনগণের সমর্থন নেই, তার পরিণতি ৫ আগস্ট আমরা দেখেছি। বিএনপির বিশ্বাস—জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপির সব পরিকল্পনা জনগণের জন্য, দেশ জনগণের জন্য। তারেক রহমান বলেন, গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে জনগণের সমর্থন অপরিহার্য। জনগণকে ১২ তারিখ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, নতুন জালেম হিসেবে পরিচিত গুপ্তরা তাদের পরিচিত ছাপাখানায় ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। তারা মা-বোনদের কাছে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র চাইছে। যারা সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার কথা বলে, তারাই এখন ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে এবং নারীদের সম্মানহানি করছে। আইডি হ্যাক হয়েছে—এই অজুহাতে মিথ্যা বলছে তারা। নিজেদের অপরাধ আড়াল করতেই এসব মিথ্যার আশ্রয় নিচ্ছে। এদের দ্বারা কখনোই সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন
Advertisement