রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

 ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া এলাকায় বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন এবং ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জামাল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, এবারের জাতীয় বাজেটে তার প্রতিফলন ঘটেছে। স্বাস্থ্যসেবা আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির উদ্যোগে এমপির নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত ‘নদী ভাঙন রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক নিলয় পাশা সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মমিন উদ্দিন, মো. মামুন আল ইসলাম, রিফাত আরা মৌরি ও মো. মকবুল হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement