আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা অনুষ্ঠানে শিক্ষার্থী
কীর্তনখোলা প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন’-এর ইসিসিআর (ECCR) প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজের ১৮৯ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলার আস্কর ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এ সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। “প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া”—এই লক্ষ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড কনসার্ন দীর্ঘদিন ধরে আর্থ-মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার প্রসার ও শিশু অধিকার রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল, তরুণ সমাজে মোবাইলের অপব্যবহার রোধ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিকাশসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করতে কমিটির সদস্যদের সঙ্গে সাধারণ জনগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাদকবিরোধী ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের FECS প্রজেক্টের ম্যানেজার রাজকুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়া, ECCR প্রজেক্টের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার, চার্চ পালক মি. আশীষ হালদার এবং চার্চ সম্পাদক রতন সরকার।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন FDCS প্রজেক্টের ভলান্টিয়ার জন সরকার। 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন
Advertisement