টাইটানিক ডুবে গেছে বহুদিন আগে
তার আগে ডুবে গেছে হাবিল-কাবিল
বুদ্ধদেব জানে না তা, বোদলেয়ার জানে।
আরও জানে কতিপয় সাধারন পাখি
কবরখানার কথা দেখিয়েছে তারা,
শিখিয়েছে দাফনের প্রথম ছবক।
জোহরা নক্ষত্র আজ। এমনকি হারুত মারুত-
ঘটনার পটিয়সী ছলে তারা শরম শামুক।
সাদ্দাদের স্বর্গ লাল খুঁজে কেউ পাবে
না এখন
ডুবে গেছে স্বগৌরব হেলেনের বিষাদ নগর।
ভূগোলের আরও কতো ভূমিরাজ-সচিত্র সমাজ
অনলাইন টেকনোলজির জ্যামে
ডুবে গেছে লেলিহান ইতিহাস পাঠ।
কচুরি ফুলের দলে কোথায় উধাও বুঝি বিধাতার
বই!
রাজা নেই, দেশময় প্রজা আছে সময়ের বামে
ডানে কারা ঘাস খায় স্মৃতির ছায়ায়?
জানে যারা মারে তারা, মরে যায় নাজানার
দল
বিফলে গুমরে কাঁদে বোমার জনক!
কুকুর ছানার মতো ঝাঁকে ঝাঁকে জীবানু খায়েশ
আর কিছু সানিয়া লিওন আর মিয়া খলিফারা
পুঁজির পুতুল শোভা মনে হয় বেহায়া বাতাশ
উড়ে এসে জুড়ে বসে ডুবিয়ে তলিয়ে দেয়
বাবুই পাখির বাসা, কোকিলের গান,
জোছনার হাতছানি কাহিনি পেখম,
সবুজ আগুন ভরা ছায়াবাতি গাছ,
মানবিক খড়কুটো ভেসে যায় অচেনার জলে...
তবু এই পৃথিবীটা তিনভাগ জলের জাহাজ
প্রতিবেশি এলিয়েন-পরি দেয় সুষম সাহস
আদম সুরত দেয় পথশোভা দাগ...
মানুষের নুনে ঘামে জেগে থাকে প্রেমের
কুসুম।