বিশেষ প্রতিনিধি: জামিল হাসান
আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ অংশ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি শিক্ষার্থী দল। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এ শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সোমবার (২২ জুন) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের আয়োজকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মানসুরুল হক, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং আইটি ও কমিউনিকেশন বিভাগের সদস্য মো. আল আমিন রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংশ্লিষ্টরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ বলেন, ২০১৯ সাল থেকে দেশের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়ক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ২০২৬ সালে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিপুলসংখ্যক শিক্ষার্থীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঁচজনকে নির্বাচন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মানসুরুল হক আন্তর্জাতিক আসরে বাংলাদেশের সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের অর্থনীতি বিষয়ে জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে অংশগ্রহণ দেশের তরুণ অর্থনীতিবিদদের মেধা, সক্ষমতা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফারাবি বিন ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফারিয়া তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), জাইফ বিন মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) এবংফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)।
দলের নেতৃত্ব ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং আইটি ও কমিউনিকেশন বিভাগের সদস্য মো. আল আমিন রাকিব।
আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক এ আসরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখবে এবং দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে।