ভোলা প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের দেড় বছর পার হলেও তারা কোনো দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেনি। তার মতে, অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি চালিয়ে আসছে। ভোটের মাঠে তার বিরুদ্ধে দাঁড় করাতে তারা একজন দুর্বৃত্তকে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তার নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।
তিনি আরও বলেন, দেশে একটি ইসলামী দল পরিচয়ধারী সংগঠন রয়েছে, যারা মহিলাদের বিভ্রান্ত করে বলে বেড়াচ্ছে—নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে। তার মতে, তারা মানুষকে বোকা মনে করে। এ সময় মেজর হাফিজ নির্বাচনি ইশতেহারের ৩১ দফা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় এলে তজুমদ্দিন উপজেলার ভূমিহীন হাজার হাজার মানুষের ভূমি বন্দোবস্ত নিশ্চিত করা হবে।
তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ড. আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, যুবদল নেতা হাসান মো. সাফা পিন্টু, উপজেলা মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াছমিনসহ অন্যান্যরা।