বাউফল প্রতিনিধি

বাউফল উপজেলা শ্রমিক লীগের (একাংশ) সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট হাইস্কুল মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনি জনসমাবেশে পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক বিএনপি নেতা সেখানে উপস্থিত ছিলেন। শাহজাদা হাওলাদার প্রকাশ্য জনসভায় বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শাহজাদা হাওলাদারের বিএনপিতে যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাকে ‘বেশ্যার চেয়েও নিকৃষ্ট’ আখ্যা দিয়ে পোস্ট করেছেন। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শাহজাদা হাওলাদার নওমালা এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, যে উদ্দেশ্যে তাকে দলে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে, তা উল্টো ক্ষতির কারণ হতে পারে।

বিজ্ঞাপন
Advertisement