বরগুনা প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের জন্য বিএনপির একটি পরিষ্কার অবস্থান রয়েছে। তিনি বলেন, প্রথমত তারা জীবনের নিরাপত্তা চান, এরপর জানমাল ও ধর্মীয় নিরাপত্তা চান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি এমপি নির্বাচিত হলে বরগুনা-২ আসনে হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কেউ যদি হিন্দু সম্প্রদায়ের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলাম মনি বলেন, তার সময়ে এই সংসদীয় আসনে কোনো চাঁদাবাজি ছিল না এবং কোনো চাঁদাবাজের স্থান হয়নি। তিনি দাবি করেন, এই এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। তিনি বলেন, বিগত দিনে কোনো কাজের বিনিময়ে যদি তিনি কারো কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন, তাহলে যেন ভোটাররা তাকে ভোট না দেন। তবে ভালো কাজ করে থাকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
তিনি তার নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ছয়টায় সবাই যেন ভোটকেন্দ্রে যান। তিনি বলেন, তিনি ধানের শীষের একজন প্রার্থী এবং যোগ্য মনে হলে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে অনুরোধ জানান।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের প্রশ্ন ছুড়ে দেন—তিনি নুরুল ইসলাম মনি, যাকে সবাই চেনেন; কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সুলতান সাহেবকে কয়জন চেনেন। তিনি বলেন, এই স্কুল মাঠ তিনি নির্মাণ করেছেন এবং বহুবার এখানে এসেছেন, অথচ তার প্রতিদ্বন্দ্বী একবারও আসেননি।
জনসভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব ও শিল্পপতি মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।