বাকেরগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ফলে ট্রাক প্রতীকের নেতাকর্মীরা এখন থেকে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং দলের সভাপতি নুরুল হক নুরের বিশেষ নির্দেশনায় এ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। গত ১৬ বছরের আওয়ামী শাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি বলে উল্লেখ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের সঙ্গে একমত প্রকাশ করেছে এ জোট।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রার্থী হলেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাকেরগঞ্জ আসনে তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সালাউদ্দিন মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নিজে ও তার সমর্থকদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক মিরাজ শিকদার, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম রাজ ও দপ্তর সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ। সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, তরুণদের রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় বাকেরগঞ্জে গণতন্ত্রকামী মানুষের বিজয় নিশ্চিত হবে।