কীর্তনখোলা রিপোট
বরিশাল সদর (বরিশাল-৫) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী নির্বাচনি খরচ জোগানোর জন্য প্রথম দিনে ১০টি মাটির ব্যাংক ভেঙে ১০ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন। তার উল্লেখ, এ পর্যন্ত তিনি বিভিন্ন উৎস থেকে প্রায় ৫ লাখ টাকা নির্বাচনি কার্যক্রমে ব্যয়ের জন্য সংগ্রহ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. মনীষা বলেন, “আমরা জনগণের টাকায় নির্বাচন করি। জনগণের জন্য রাজনীতি করি বলে কোটিপতির কাছে মাথা নোয়ানো আমাদের লক্ষ্য নয়। আমরা চাই নির্বাচনে স্বচ্ছতা ও সততা বজায় থাকে। তাই ছোট ছোট অর্থ সহায়তার মাধ্যমে মানুষের প্রতি দায়বদ্ধ থেকে নির্বাচনি কার্যক্রম চালাচ্ছি। মাটির ব্যাংকে এই অর্থ সংগ্রহের মাধ্যমে ভোটের মাঠে আমরা লড়াই চালাব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বরিশাল জেলা কমিটির সদস্য দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি মাফিয়া বেগম।