কীর্তনখোলা রিপোর্ট
সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
তিনি বলেন, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশ অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে নিজ নিজ পদসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়।