কীর্তনখোলা রিপোর্ট

বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী প্রচারণার সময় তার সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগে একই আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান এ নোটিশ দেন।

নোটিশ পাওয়া অন্যরা হলেন—সরাইকান্দি গ্রামের মৃত কবির প্যাদার ছেলে বিপ্লব প্যাদা, একই গ্রামের মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের ইয়াকুব আলী শিকদারের ছেলে সেন্টু শিকদার, ইসমাইল শিকদারের ছেলে মশিউর শিকদার, কিনাই খানের ছেলে সুমন খান, সাদ্দাম বাজার এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের গফুর ফকিরের ছেলে শাহজাহান ফকির। তারা সবাই ধানের শীষের প্রার্থীর সমর্থক।

নোটিশে জহির উদ্দিন স্বপনকে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদেরও সশরীরে হাজির হতে বলা হয়েছে। এ বিষয়ে জহির উদ্দিন স্বপনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা মো. জহিরুল হক জহির বলেন, তারা নোটিশের বিষয়ে অবগত নন এবং ওই আসনে নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে।

বিজ্ঞাপন
Advertisement