বাউফল প্রতিনিধি

চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট দেশের অভ্যুত্থানের মাধ্যমে ইসলামের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। আমি চেয়েছিলাম দেশকে সোনার বাংলায় রূপ দিতে এবং ইসলামের অবস্থান আরও শক্তিশালী করতে। কিন্তু স্বার্থান্বেষী একটি মহল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসে এটিকে ন্যায়ের প্রতীক বলে প্রচার করছে। এখন সেই দাঁড়িপাল্লায় দেখা যাচ্ছে দুটি পাল্লা—একটিতে গোপনে ভারত, অন্যটিতে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে হাতপাখা প্রতীকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে উন্নয়নের যোগ্য ব্যক্তিকে মানুষ ভোট দেয়। কিন্তু জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করেন এবং সেই আইনেই দেশ পরিচালিত হয়। চরমোনাই পীর বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এখনো চূড়ান্ত হয়নি—কারা সরকার গঠন করবে এবং কোন আইনে দেশ চলবে। এখন পর্যন্ত জামায়াত বা বিএনপি কেউই ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেয়নি। তারা বলেছে প্রচলিত আইনেই দেশ চালাবে। ইসলামী আন্দোলনই একমাত্র দল, যারা নির্বাচিত হলে ইসলামি বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। 

তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারব না। অতীতে দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘরছাড়া হয়, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে নিরপরাধ কাউকে ঘর ছাড়তে হবে না। হাতপাখা প্রতীকে একটি ভোট বাড়লে ইসলামের পক্ষে শক্তি বাড়ে উল্লেখ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জীবনের প্রথম ভোট হোক হাতপাখা প্রতীকে। সমাবেশে তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী মুফতি আবদুল মালেক আনোয়ারীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় আরও বক্তব্য দেন মুফতি হাবিবুর রহমান মেজবাহ, মাওলানা মজিবুর রহমান, কাওসার আহমেদ, মাওলানা নজরুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন
Advertisement