কীর্তনখোলা রিপোর্ট
ধর্মীয় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা আওয়ামী লীগ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে ধর্মীয় শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং আলেম-ওলামাদের মর্যাদা নিশ্চিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠি বায়তুল কুরআন নূরানী ও হাফেজি মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ বলেন, ধর্মীয় শিক্ষা একটি জাতির নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ গঠনের মূল ভিত্তি। কিন্তু বিগত সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিমালার মাধ্যমে এই শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ধর্মীয় শিক্ষার প্রসার ও আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী পাঠক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং সহশিক্ষার সুযোগ বাড়ানো হবে। আলেম-ওলামাদের সম্মান ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় আন্তরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম। এছাড়াও মালয়েশিয়া যুবদলের আহ্বায়ক বাদল কারার, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণী, সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আবু হানিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।