জামিল হাসান, নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে ব্লাস্ট জানায়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৪ ধারা এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ৮ ধারা অনুযায়ী অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

ব্লাস্টের ভাষ্য অনুযায়ী, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গত ২০ জুন প্রান্তকে আটক করে ডিবি পুলিশ। স্বজনদের অভিযোগ, আটকের সময় তাঁর মায়ের সামনেই তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা মধুখালী থানা, ডিবি কার্যালয়সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি। পরবর্তীতে ২২ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পরিবার জানতে পারে।

বিবৃতিতে ব্লাস্ট উল্লেখ করে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ২০২৬ সালের প্রথম তিন মাসের প্রতিবেদনে দেশে ৩৯ জন কারাবন্দীর হেফাজতে মৃত্যুর তথ্য উঠে এসেছে। এর মধ্যে ২৩ জন ছিলেন বিচারাধীন বন্দি।

সংগঠনটির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩ ও ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। একইসঙ্গে এটি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ (ইউএনক্যাট)-এরও লঙ্ঘন।

আগামী ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সমর্থন দিবস উপলক্ষে ব্লাস্ট খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ দ্রুত কার্যকর করার দাবি জানায়। সংগঠনটি বলেছে, আইনের খসড়ায় নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে একটি ‘ন্যাশনাল প্রিভেনটিভ মেকানিজম ডিভিশন’ গঠনের প্রস্তাব রয়েছে, যা হেফাজতে নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ব্লাস্ট হেফাজতে সংঘটিত সব ধরনের নির্যাতনের অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
Advertisement