পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নং চিড়াপাড়া ইউনিয়নের তরুণদের উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ২০২৬। স্থানীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সুজন ফরাজি, সাজেদুল ইসলাম সোহেল, জিয়া মাঝি, মিরাজ তালুকদার, রিয়াজুল ইসলাম, শামিম হাওলাদার ও মিজান সিকদার, রাজ্জাক তালুকদার, আল মাহমুদ সুমনসহ সংগঠনের শতাধিক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, তরুণদের সম্পৃক্ত করে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলা। আয়োজিত মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স মূলত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এলাকায় পরিচিত। সংগঠনটি প্রতি বছরই ইফতার মাহফিলের আয়োজনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং জরুরি মানবিক সহায়তায় তাদের ভূমিকা স্থানীয়দের মধ্যে প্রশংসিত।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, আমরা সব সময় এলাকার সামাজিক উন্নয়নে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু ইফতার মাহফিলেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে। তরুণদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।