কীর্তনখোলা রিপোর্ট

ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ঘোষণার কারণে বরিশাল নদী বন্দরে চারটি লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী বলেন, রোববার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিড বোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল নৌ-বন্দর থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এর আগে রোববার সন্ধ্যায় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। নৌযান চলাচল বন্ধ রাখার নির্দিষ্ট কোনো সময় আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “এটা কুয়াশার ঘনত্বের উপর নির্ভর করবে। আপাতত রাতের কথা বলা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা থাকলে জানিয়ে দেওয়া হবে।” এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিচুর রহমান বলেন, রোববার সারাদিনে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর নদী অববাহিকায় কুয়াশা ছিল। রাতে নদী অববাহিকা আরও ঘন কুয়াশায় ঢেকে যাবে।

বিজ্ঞাপন
Advertisement