জামিল হাসান, বিশেষ প্রতিনিধি:
ঘুষ গ্রহণের অভিযোগে ভিডিও প্রকাশ এবং দেশব্যাপী আলোচনা-সমালোচনার একদিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। তবে প্রত্যাহারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এর আগে সোমবার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগসংবলিত সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদকের হাতে আসা প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যালকুলেটরের মাধ্যমে একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের পরিমাণ হিসাব করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন বলে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।