কীর্তনখোলা রিপোর্ট
জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। একই অনুষ্ঠানে দলের ৩০ দফা ইশতেহারও ঘোষণা করা হয়। ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্য বজায় রেখে ধাপে ধাপে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতির প্রবর্তন, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল, সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠন এবং নারীদের সমঅধিকার নয় বরং অগ্রাধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বিদ্যমান বৈষম্য দূরীকরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে ইশতেহারে ঘোষিত সব দফা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।