আবদুল কাদের, হিজলা
বরিশাল-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসানের সাথে হিজলা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হিজলা উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানউন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, প্রশাসনের সকল স্তর থেকেই সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম চিরতরে বিদায় করতে হবে। সকল প্রকার দুর্নীতির উর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে। রাজিব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রমেরামতের ৩১ দফা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, কৃষির উন্নয়নের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি শুরু হবে। দেশের আবহাওয়া ঠিক রাখতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপনের পরামর্শও দেন তিনি।
প্রতিমন্ত্রী প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হিজলা-মেহেন্দিগঞ্জের উন্নয়নই আমাদের অঙ্গীকার। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।”