পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মাঠে সক্রিয় না থাকায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির পরিবর্তে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, নতুন কমিটিতে জোট প্রার্থীর পক্ষে কাজ করতে আগ্রহী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন গোলাম মোস্তফা এবং সদস্যসচিব হয়েছেন আলতাফ হোসেন। দশমিনা উপজেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্দিক আহম্মেদ মোল্লা ও সদস্যসচিব শাহ আলম শানু।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে আমাকে সমর্থন দিয়েছে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিনি নতুন কমিটির নেতাদের দ্রুত তৃণমূল পর্যায়ের ইউনিট গঠনের আহ্বান জানান এবং জনগণের সঙ্গে প্রতারণাকারীদের দায়িত্ব না দেওয়ার দাবি জানান।