শনিবার দুপুরে শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর এলাকায় বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত গ্রামবাসীরা বারবার ‘দুলাভাই, দুলাভাই, স্বাগতম’ বলে স্লোগান দিতে থাকেন।

স্লোগানের ভিড়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, বৃষ্টির মধ্যে সবাই ভিজে যাচ্ছেন, তাই ধীরে ধীরে স্লোগান দিতে হবে, নইলে তার কথা শোনা যাবে না। তিনি বলেন, দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। আমি কি কথা বলব, না চলে যাব?

এ সময় তিনি আরও বলেন, কথা শুনতে হলে সবাইকে শান্ত থাকতে হবে। পরে গ্রামবাসীরা নীরব হলে তিনি হাস্যরসের ছলে মন্তব্য করেন, আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে, তাই না?

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে বিদায়ের সময় আবারও দুলাভাই স্লোগানে সরব হয়ে ওঠেন স্থানীয়রা। এসময় তিনি হাত নেড়ে হাসিমুখে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর এলাকায় হওয়ায় স্থানীয়দের এই সম্বোধন। তবে এ কর্মসূচিতে তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন না। এর আগে তিনি সিলেট সিটি করপোরেশনের একটি সুধী সমাবেশে অংশ নেন।

বিজ্ঞাপন
Advertisement