রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে নগরীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা।
বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উল্লেখ করা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে টার্মিনালগুলোকে পর্যায়ক্রমে রাজধানীর বাইরে বা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখা, হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
তিনি জানান, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘদিন ধরে বিপুল বিনিয়োগ ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পটি পরিত্যাগ না করে কীভাবে জনকল্যাণমূলক পরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।
ড. হাদিউজ্জামান আরও বলেন, মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর স্থান নির্ধারণ করা হয়েছে। ফলে বাসগুলো শুধুমাত্র যাত্রী ওঠানামার সময় টার্মিনালে প্রবেশ করবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, হকারদের উচ্ছেদ না করে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কের ওপর বাস দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করবে।
সরকার রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।