কীর্তনখোলা ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা এবং তার পাল্টা হিসেবে ইসরাইলি বাহিনীর আক্রমণের প্রেক্ষাপটে এ নির্দেশনা জারি করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান শুরুর আগে ইসরাইল যেভাবে বাসিন্দাদের সরে যেতে বলেছিল, লেবাননেও তেমনি বিস্তৃত এলাকার জন্য একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক ঘোষণায় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, নিজেদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাড়িঘর ত্যাগ করে গ্রাম থেকে অন্তত ১ হাজার মিটার দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে। সতর্কবার্তায় আরও বলা হয়, হিজবুল্লাহ সদস্যদের অবস্থান, স্থাপনা বা সামরিক সম্পদের নিকটে অবস্থান করলে যে কেউ প্রাণসংকটে পড়তে পারেন। উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মধ্যেই বাড়িঘর খালি করার এই নির্দেশ দেওয়া হয়। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব দিতেই তারা এই হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে এবং তাদের নেতা ও যুবকদের হত্যার ঘটনা ঘটলে তার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। উপযুক্ত সময় ও স্থানে সেই প্রতিক্রিয়া জানানো হবে।

বিজ্ঞাপন
Advertisement