জামিল হাসান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পণ্য, সেবা ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে যুক্তরাজ্যে আয়োজন করা হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬’। গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিল অব বাংলাদেশ এবং মেইড ইন বাংলাদেশ এক্সপো লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনের রেডব্রিজ টাউন হলে এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ জুন) মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, চামড়া ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের সম্ভাবনাকে বিশ্ববাজারের সামনে তুলে ধরাই এই এক্সপোর প্রধান লক্ষ্য।
প্রদর্শনীতে ৫০টিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে মেইড ইন বাংলাদেশ এক্সপোর প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। আমরা বিশ্বের সামনে বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক সক্ষমতার একটি ইতিবাচক চিত্র তুলে ধরতে চাই।
মেইড ইন বাংলাদেশ এক্সপোর পরিচালক অন্তু করিম বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা আশা করি, এই প্রদর্শনী নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে।
মেইড ইন বাংলাদেশ এক্সপোর পরিচালক ময়নুল হোসেন বলেন, দেশীয় পণ্য ও সেবার বৈশ্বিক বাজার সম্প্রসারণে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে।
চিফ কোঅর্ডিনেটর নিয়াজুল ইসলাম রনি বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে। এটি রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোঅর্ডিনেটর ফারজানা ইসলাম মৌরী বলেন, নারী উদ্যোক্তা, তরুণ ব্যবসায়ী এবং উদ্ভাবনী উদ্যোগগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এই এক্সপো বিশেষ ভূমিকা পালন করবে।
কোঅর্ডিনেটর ত্রিবেণী এলিস বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এই প্রদর্শনী একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।
আয়োজকরা জানান, ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৬’ বাংলাদেশের রপ্তানি খাতের বিকাশ, নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইতোমধ্যে দেশ-বিদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।