কীর্তনখোলা ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। এই নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া অনেকেই স্থান পেয়েছেন। তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি, তাদের মধ্যে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। মন্ত্রিসভায় স্থান না পাওয়া নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া অন্যরা অতীতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ চলছে।