​নেছারাবাদ প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের হাওলাদার বাড়ির মৃত আব্দুল গনি মিয়ার মেজো ছেলে। 

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজের অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন শহিদুল ইসলাম। আজ সকালে সারারাত চার্জ হওয়া গাড়ির চার্জারটি বৈদ্যুতিক বোর্ড থেকে খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
Advertisement