ঝালকাঠি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোরদার সমন্বয় সভায় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ শনিবার (৩১ জানুয়ারি) বলেন, কমিশন নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতায় কোনো আপোষ করবে না। যারা নির্বাচন কর্মকাণ্ডে দায়িত্ব পালন করবেন, তাদের সবাইকে শতভাগ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। কোনো প্রকার ব্যত্যয় ধরা পড়লে কমিশন কঠোর ব্যবস্থা নেবে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ আরও বলেন, “দীর্ঘ সময় ধরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকার কারণে সাধারণ মানুষ আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারাদেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করে আমার ধারণা, তারা ভোট দিতে মুখিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”

ইসি গণমাধ্যমকে জানান, কেউ আইন-উর্ধ্বে নয়। যদি নির্বাচন জালিয়াতির সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে।

সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের দায়িত্বপ্রাপ্তরা।

বিজ্ঞাপন
Advertisement