কীর্তনখোলা রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো গভীর শঙ্কা প্রকাশ করেছেন বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ শঙ্কার কথা জানান। হাতপাখা প্রতীকের এই প্রার্থী বলেন, সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনের আমেজ থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, অতীতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণ না ঘটলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না। জুমার নামাজের পর তিনি নগরীর জনবহুল এলাকাগুলোতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে তাকে দেখতে রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে।

পথসভা ও গণসংযোগের সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদ ও দুর্নীতির হাত থেকে মুক্তি চায়। বরিশাল-৫ আসনের ভোটাররা যদি নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটের আমানত রক্ষা হয়, তাহলে ইনশাআল্লাহ হাতপাখার বিজয় নিশ্চিত হবে।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বরিশাল-৫ আসনে ফয়জুল করীমের পাশাপাশি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি আরও জোরালো হচ্ছে।

বিজ্ঞাপন
Advertisement