জিটিসি ডিসি
জিটিসি ডিসি

নিজস্ব প্রতিবেদক: জামিল হাসান 

“তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত জিটিসি ডিসি কোর ডিবেট টুর্নামেন্ট ৩.০ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মোবাইল ফোনমুক্ত পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ জুন)। ফাইনাল বিতর্কে টিম চিনি ছাড়া চা-কে পরাজিত করে ‘টিম ইউরেনিয়াম ২৩৫' চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দুই দিনব্যাপী এ আয়োজনে মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনে প্রতিটি দল তিনটি করে বিতর্কে অংশ নেয়। প্রাথমিক রাউন্ডগুলোর ফলাফলের ভিত্তিতে ট্যাবুলেশন শেষে টিম চিনি ছাড়া চা, টিম ইউরেনিয়াম ২৩৫, টিম বিতর্ক পারি না এবং টিম দেশি বয়েজ সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টিম ইউরেনিয়াম ২৩৫ ও টিম চিনি ছাড়া চা ফাইনালে জায়গা করে নেয়। পরদিন অনুষ্ঠিত ফাইনাল বিতর্কে যুক্তির দৃঢ়তা, তথ্যনির্ভর বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতায় এগিয়ে থেকে টিম ইউরেনিয়াম ২৩৫ শিরোপা নিজেদের করে নেয়।

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় কনভেনরের দায়িত্ব পালন করেন মহসিন আহমেদ। কো-কনভেনর ছিলেন পূরবী সাহা জয়া ও মতিউর রহমান স্বাধীন।

টুর্নামেন্টের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিক এবং সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের সাবেক নির্বাহী কমিটির সদস্যরা। তাঁদের মূল্যায়ন ও গঠনমূলক পর্যবেক্ষণ প্রতিযোগিতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল নো-ফোন পলিসি। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারীদের জন্য মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ বিতার্কিকদের মনোযোগ বৃদ্ধি, তাৎক্ষণিক চিন্তাশক্তির বিকাশ এবং স্বতন্ত্র যুক্তি নির্মাণে কার্যকর ভূমিকা রেখেছে।

তিতুমীর কলেজে বিতর্কচর্চার মানোন্নয়ন এবং তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া টুর্নামেন্টটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

আয়োজকদের ভাষ্য, “তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা” কেবল একটি স্লোগান নয়, বরং যুক্তিনির্ভর, সচেতন ও মননশীল প্রজন্ম গড়ে তোলার একটি অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে জিটিসি ডিসি কোর ডিবেট টুর্নামেন্ট ৩.০।

বিজ্ঞাপন
Advertisement