কীর্তনখোলা ডেস্ক
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন বলেছেন, জাতীয় দলের সাবেক দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলা তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। তিনি মনে করেন, এই দুই ক্রিকেটারকে রাজনীতিবিদ হিসেবে নয়, বরং দেশের ‘অ্যাসেট’ হিসেবে মূল্যায়ন করা উচিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই অবসর নিয়েছেন মাশরাফি। যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে; একই কারণে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক বলেন, তারা ক্রিকেটার—এবং শুধু সাধারণ ক্রিকেটার নয়, তারা আমাদের দেশের সম্পদ। আমি তাদের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করছি। জনগণ ইতোমধ্যে একভাবে তাদের বিষয়ে জবাব দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমার মনে হয়নি, তারা গিয়ে কোনো আদেশ বাস্তবায়ন করেছে বা নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি করে কাউকে হত্যা করেছে।
সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি বলেন, আপনারা জানেন, বিসিবির কাউন্সিলর কীভাবে নির্ধারিত হয়—সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন। এটি মহাদুর্নীতি, বাণিজ্যিক স্বার্থ ও পক্ষপাতমূলক প্রক্রিয়া। নিজেদের সিন্ডিকেট বোর্ডে বসানোর চেষ্টা হলে আমরা নিশ্চুপ থাকতে পারি না।
তবে তিনি নিজে বোর্ড রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ নেই বলেও জানান। তিনি বলেন, আমি একজন কাউন্সিলর হলেও কখনো বোর্ডে যাব না। আমার বোর্ডে কাজ করার সময় নেই। আমি পূর্ণকালীন রাজনীতি করব। আমি চাই, যারা পূর্ণকালীন ক্রীড়া সংগঠক, তারাই দায়িত্ব নিক। আমরা তাদের সহযোগিতা করব, যোগ করেন ইশরাক।