উজিরপুর প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের শিবপুর গ্রামে ঠিকাদারের অবহেলার কারণে দেড় বছর পেরিয়ে গেলেও স্লুইসগেট নির্মাণকাজ শেষ হয়নি। ফলে ইরি চাষ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয় ইউপি সদস্য শাহিন হাওলাদার জানান, প্রায় দুই বছর আগে শিবপুর ৩ নম্বর ওয়ার্ডে স্লুইসগেট নির্মাণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আনুমানিক দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের শুরুতে সামান্য কিছু অংশ সম্পন্ন করে ঠিকাদার সেকান্দর আলী নির্মাণকাজ বন্ধ করে দেন এবং পরে নানা অজুহাত দিতে থাকেন। প্রায় দুই বছর অতিবাহিত হলেও এখনো স্লুইসগেটের কাজ সম্পূর্ণ হয়নি। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘ প্রায় দুই বছর ধরে ইরি চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জোয়ারের পানিতে জমি প্লাবিত হয়ে ধান চাষের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত স্লুইসগেটের নির্মাণকাজ শেষ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ইরি আবাদ পুরোপুরি ব্যাহত হতে পারে। তাদের ভাষ্য, নির্মাণকাজের ধীরগতির কারণে একদিকে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পানি নিষ্কাশন বন্ধ থাকায় চাষি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের আরও অভিযোগ, স্লুইসগেট নির্মাণের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং কাজ ফেলে রেখে টালবাহানা করা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার সেকান্দর আলী মন্তব্য করতে এড়িয়ে যান। এদিকে দ্রুত স্লুইসগেটের নির্মাণকাজ সম্পন্ন করা এবং অভিযুক্ত ঠিকাদার সেকান্দর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন একাধিক কৃষক পরিবার ও এলাকাবাসী। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।