কীর্তনখোলা ডেস্ক

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে নতুন কোনো মুখ রাখা হয়নি। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন বিশ্বনাথ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে খেলেছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে অংশ নিতে পারেননি তিনি।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন

মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী

ফরোয়ার্ড : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ উদ্দেশ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুটি ড্র ও দুটি হারে মোট ৫ পয়েন্ট অর্জন করেছে দলটি।

বিজ্ঞাপন
Advertisement