কীর্তনখোলা রিপোর্ট
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশে একটি পরিকল্পিত ও ‘ইঞ্জিনিয়ারিং’ করা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে হাতপাখা প্রতীকের প্রার্থীদের কৌশলগতভাবে পরাজিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের আলেম-ওলামা ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির ফয়জুল করীম আরও বলেন, দেশের মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নরসিংদীতে এক কিশোরী হত্যার ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে যাকে বসানো হয়েছে, তিনি মূলত একজন ব্যবসায়ী এবং ব্যাংকিং খাতে তার পূর্ব অভিজ্ঞতা নেই। এমন একজন ব্যক্তিকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর ফলে ব্যাংকিং খাত ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকারকে স্মরণ রাখতে হবে, ব্যাংকিং খাতে কোনো ধস নামলে তার ভোগান্তি পোহাতে হবে দেশের সাধারণ জনগণকে। ব্যাংকের অর্থ জনগণের—কোনো রাজনৈতিক দলের নয়। ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিমের সভাপতিত্বে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।