নেছারাবাদ প্রতিনিধি
স্বরূপকাঠি-বানারীপাড়া-বরিশাল আঞ্চলিক সড়কের কুনিয়ারি
এলাকার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শুধু কুনিয়ারি নয়, এই রুটের মাগুরা, অলংকারকাঠী ও ছারছীনা সংলগ্ন মোট ৪টি বেইলি ব্রিজই দীর্ঘদিন
ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও যানবাহন চালকেরা প্রতিনিয়ত চরম
আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,
কুনিয়ারি বেইলি ব্রিজটির একটি স্টিলের প্লেট ভেঙে গত দুই দিন
ধরে নিচের দিকে ঝুলে রয়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আশির দশকে নির্মিত এই ব্রিজগুলোর কাঠামোতে বর্তমানে
ফাটল ও মরিচা ধরেছে। কোথাও কোথাও প্লেট ঢিলে হয়ে যানবাহন
চলাচলের সময় বিকট শব্দ ও তীব্র কাঁপুনি সৃষ্টি হয়, যা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। নাট-বল্টু ক্ষয়ে কিংবা খুলে গিয়ে ব্রিজগুলো এখন নড়বড়ে। মাত্র ৫ টন ধারণ ক্ষমতার এই মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ
ব্রিজগুলোর ওপর দিয়ে প্রতিনিয়ত ২০ থেকে ২৫ টনেরও বেশি ভারী মালবাহী ট্রাক ও কাভার্ড
ভ্যান চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা হাকিম মোল্লা
জানান, ব্রিজে ভারী কোনো পরিবহন উঠলে বিকট শব্দ হয়। এতে ব্রিজের পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ
পথচারীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। আলম হোসেন নামে এক অটোরিকশা চালক বলেন, “অনেক সময় ব্রিজের ফাঁকা জায়গায় ভ্যান বা অটোরিকশার চাকা
আটকে গিয়ে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। এই বেইলি ব্রিজগুলো দ্রুত পুনঃনির্মাণ করা জরুরি।”
এলাকাবাসীর দাবি, স্বরূপকাঠি, বানারীপাড়া ও বরিশালের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়ক। তাই সাময়িক জোড়াতালির মেরামত না করে, ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এখানে জরুরি ভিত্তিতে আধুনিক গার্ডার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রাসেল বলেন, বেইলি ব্রিজগুলো বেশ পুরনো। ওই রুটের ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন এবং জরিপের কাজ চলমান রয়েছে। তবে স্থায়ী নির্মাণে কতদিন লাগবে তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আপাতত দুর্ঘটনা এড়াতে শীঘ্রই ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।