কীর্তনখোলা রিপোট

আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারি—টানা তিন দিনে দেশের তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সফরকে ঘিরে বরিশালে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের আগমন সামনে রেখে সংশ্লিষ্ট দলগুলো জনসভা সফল করতে জোর প্রস্তুতি নিচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসবেন। ওই দিন নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রায় দুই দশক পর বরিশালে এটি হবে তাঁর প্রথম সফর। সর্বশেষ তিনি ২০০৬ সালে বরিশাল এসেছিলেন।

এর পরদিন ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বক্তব্য রাখবেন।

এদিকে ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলাুমেহেন্দীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ওই দিন সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এই ধারাবাহিক কর্মসূচিকে কেন্দ্র করে তিন দলই ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বিমানে বরিশালে পৌঁছাবেন। বেলস পার্কের জনসভায় তাঁকে বরণে দলীয় নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, জনসভা ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তাঁদের প্রত্যাশা, তারেক রহমানের সমাবেশ বেলস পার্কের ধারণক্ষমতা ছাড়িয়ে যাবে। দীর্ঘদিন পর নেতাকে দেখতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা নায়েবে আমির ডা. মাহফুজুর রহমান জানান, ৬ ফেব্রুয়ারির সমাবেশে দুই লক্ষাধিক মানুষের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, দলীয় আমির হেলিকপ্টারে মেহেন্দীগঞ্জে পৌঁছাবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস জানান, ৫ ফেব্রুয়ারির জনসভায় সদর আসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি দলীয় আমিরের নিজ এলাকা হওয়ায় এ আসনে জয় নিশ্চিত করতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রয়োগ করা হবে। এ আসনে দলের প্রার্থী হিসেবে চরমোনাই পীরের ভাই সৈয়দ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন
Advertisement