কীর্তনখোলা ডেস্ক

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বিশেষ করে গত বছরটি তাঁর ক্যারিয়ারে ছিল অত্যন্ত সফল। টাইগার এ পেসার নিজের পারফরম্যান্সে বারবার নজর কাড়তে সক্ষম হয়েছেন।

জাতীয় দলের জার্সির পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন মুস্তাফিজ। তাঁর ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রিকেটের প্রভাবশালী সাময়িকী ‘উইজডেন’-এর বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বোলার। এই একাদশে বাংলাদেশ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি।

উইজডেনের বর্ষসেরা দলে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে দুজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে রয়েছেন একজন করে ক্রিকেটার।

ওপেনিং জুটিতে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন, চার ও পাঁচ নম্বরে খেলবেন যথাক্রমে দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান ও ডোনোভান ফেরেইরা। ছয় ও সাত নম্বরে রাখা হয়েছে টিম ডেভিড ও সুনীল নারাইনকে।

এরপর অলরাউন্ডার হিসেবে রয়েছেন জেসন হোল্ডার। বোলিং বিভাগে পেস আক্রমণে আছেন জ্যাকব ডাফি ও মুস্তাফিজুর রহমান। একাদশের শেষ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

বিজ্ঞাপন
Advertisement