মোঃ সবুজ জোমাদ্দার, ভান্ডারিয়া 

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ড ও ওভার ব্রিজের মাঝামাঝি বিশ্বরোড এলাকায় আইন অমান্য করে গড়ে ওঠা ‘আব্দুল মালেক হাওলাদার পাইকারি কাপড়ের দোকান’ (মার্কেট) বন্ধ ও সিলগালা করে দিয়েছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার (২৫ শে জুন ২০২৬) দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাইরে ‘পাইকারি দোকান’ হিসেবে সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেও ভেতরে প্রতিদিন পুরোদমে চলছিল নিয়মিত খুচরা বেচাকেনা। নিয়মনীতির তোয়াক্কা না করা এই মার্কেটটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ ছিল।

​অভিযান শেষে পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান জানান, ​"এই পুরো মার্কেট ও ভবনের কোনো ধরনের বৈধতা বা পৌরসভার অনুমোদন নেই। সম্পূর্ণ অবৈধভাবে গড়ে ওঠা এই ভবনের সামনের সরকারি ড্রেনের ওপর বালু ফেলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা তীব্র জনদুর্ভোগ সৃষ্টি করছিল। পৌরসভার কোনো অনুমতি না থাকায় এবং মার্কেটের যথাযথ আইনি বৈধতা না মেলায় জনস্বার্থে আজ এটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।"

​জানা গেছে, এই অবৈধ কাপড়ের মার্কেটটি দীর্ঘদিন ধরে রিয়াজ হাওলাদার নামের এক ব্যক্তি পরিচালনা করে আসছিলেন। ​অভিযান চলাকালীন পৌর প্রশাসক নিজে উপস্থিত থেকে মার্কেটটি বন্ধের অফিশিয়াল সাইনবোর্ড ঝুলিয়ে দেন। একই সাথে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলার চেষ্টা করেন, তবে প্রতি দোকানের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা করে জরিমানা গুণতে হবে।

​এদিকে পৌরসভার উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে পৌর প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভান্ডারিয়ার সচেতন নাগরিক সমাজ।

বিজ্ঞাপন
Advertisement