ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে তার ও প্লাস্টিক বর্জ্য পদার্থ পুড়িয়ে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে এক ভাঙারি ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে ভান্ডারিয়া পৌরসভার টিএনটি সড়কের আকন বাড়ির সামনে রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মিলন (পিতা: কালা দাড়িয়া), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। পরিবেশ সংরক্ষণ আইন, ২০২২-এর ১২(ক) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টিএনটি সড়কের পাশে অবৈধভাবে তার, প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য পদার্থ পুড়িয়ে আসছিলেন ওই ভাঙারি ব্যবসায়ী। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে তাকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।

এলাকাবাসী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ দূষণবিরোধী এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে এবং পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এসআই সিদ্দিকুর রহমানের তত্ত্বাবধানে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন
Advertisement