কীর্তনখোলা ডেস্ক
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে পাকিস্তানে অবস্থান করছেন আইসিসির প্রতিনিধি। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে বয়কট ঘোষিত ম্যাচে সিদ্ধান্ত পরিবর্তন করে পাকিস্তান খেলতে পারে, তবে এর সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর দাবিও তোলা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব দাবির গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া আইসিসির পক্ষে কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। বিষয়টি পুরোপুরি বিসিসিআইয়ের এখতিয়ারভুক্ত, যা ভারত সরকারের অধীনে পরিচালিত। যদিও আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে, বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সবকিছু মিলিয়ে চূড়ান্ত সমাধানে কিছুটা ‘দেয়া-নেয়া’ থাকবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে সরাসরি উপস্থিত ছিলেন এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের পরিচালক মুবারিশ উসমানি অনলাইনে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে বেশিরভাগ আলোচনা হয়েছে পর্দার আড়ালে, দুবাই ও মুম্বাইয়ে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমোদন দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সোমবারের মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। সেই বৈঠকের পর আইসিসি বা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় সিদ্ধান্ত ঘোষণায় বিলম্ব হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কারণ ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে সমর্থক ও সংশ্লিষ্টদের ভ্রমণ পরিকল্পনার জন্য সময় প্রয়োজন।