আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মরোন এলাকায় ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
বুধবার (স্থানীয় সময়) বিকেলে সংঘটিত এ দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু এবং ৭০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, দুই ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল মরোন এলাকা। মূল কম্পনের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবনগুলো তীব্রভাবে দুলতে শুরু করলে আতঙ্কিত মানুষ দ্রুত রাস্তায় নেমে আসে। অনেক স্থানে বহুতল ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে।
সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও ভেনেজুয়াকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।