ভোলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোলাসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দক্ষিণ জোনের আওতাধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ১১৫টি ভোটকেন্দ্রে ড্রোনসহ বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১টায় দৌলতখান উপজেলার আবু আব্দুল্লাহ কলেজ কোস্ট গার্ড ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবে। ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরাসহ দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, ড্রোন নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ক্যাপ্টেন আরিফ হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড কাজ করে যাবে।
বিজ্ঞাপন
Advertisement