কীর্তনখোলা ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য প্রস্তুতকৃত ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা হতো না। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের নাম ও প্রতীক সংযুক্ত করে ভোটার স্লিপ তৈরি করা যাবে।’ নির্বাচনি উপকরণ বিতরণ প্রসঙ্গে তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপকরণ বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যেই সব উপকরণ ভোটকেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি জানাতে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ফলাফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটের ফল ঘোষণা করা হবে। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।’