মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল সামলাতে ব্যর্থ, তারা দেশ পরিচালনার যোগ্য নন। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর কিছু মানুষ নিরীহ নাগরিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীন থাকবে। মিথ্যা বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের প্রতিটি মা ও বোনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে। অতীতে অহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরীহ মানুষের রক্ত ঝরার ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী কোনো দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায়। তিনি বলেন, ক্ষমতায় গেলে সব নাগরিকের জন্য সমান অধিকার ও সমান বিচার নিশ্চিত করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা হবে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন। সংগঠনের ওপর অতীত নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মধ্যেও জামায়াতে ইসলামী মানুষের পাশে থেকেছে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ দিতে।