দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল ৩টায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী দেশে বর্তমানে বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বৈধ করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)) ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
তিনি আরও জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএর নিবন্ধন গ্রহণ করেনি, সেসব মোটরসাইকেলের মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ সেগুলোর নিবন্ধন ও বৈধতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনানুগ যানবাহন চলাচল নিশ্চিত করতে সরকারের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।