ভান্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জনস্বার্থ রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনা উন্নয়নে দিনভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান।

সোমবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্য নিরাপত্তা, অবৈধ স্থাপনা, ফুটপাত দখল, যানজট নিরসন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রথমে ভান্ডারিয়া বাজারে বিনয় পালের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মালামাল রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পরে ভান্ডারিয়া বাজারের দুটি বহুতল ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন পৌর প্রশাসক। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও বৈধ নকশা (প্ল্যান) না থাকায় ভবন দুটির নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

শহরের সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারী এক হকারের মালামাল জব্দ করা হয়। 

এদিকে শহরের অন্যতম ব্যস্ত ভুবনেশ্বর ব্রিজ ও এর ঢালে যানজট নিরসনের লক্ষ্যে সব ধরনের অবৈধ অটোরিকশা ও রিকশা পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। ব্রিজের ওপর কিংবা ঢালে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

অভিযানের একপর্যায়ে দক্ষিণ ভান্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ইউএনও। সেখানে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া ৭৬ নম্বর দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। 

অভিযানকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন
Advertisement